দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে ভাড়া বাসা থেকে এক পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে মনি আক্তার (২৫) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আত্মহত্যার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মেঝেতে মনি আক্তারকে মৃত অবস্থায় পায়।
নিহতের স্বামী নূর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল। তিনি পুলিশ লাইন্স থেকে রাজাপুর সার্কেল অফিসে সিনিয়র সহকারী পুলিশ সুপারের গানম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে গত পাঁচ-ছয় মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। নিহতের পরিবার জানায়, দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। টাকার জন্য নূর উদ্দিন নিয়মিত মনি আক্তারকে মারধর করতেন। তাদের সংসারে পাঁচ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে এবং মনি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও দাবি পরিবারের।
নিহতের বাবা খলিলুর রহমান বলেন, রাতে নূর উদ্দিন ফোন করে জানায়, আমার মেয়ে আর নেই। পরে আমরা গিয়ে দেখি দরজার হ্যাজবল লাগানো, তবে তালা খোলা। ঘরে ঢুকে মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখি।
নিহতের ভাই ওমর ফারুক অভিযোগ করেন, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং তাকে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন।
তবে অভিযুক্ত নূর উদ্দিন দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে ভয়ে তিনি সন্তানকে নিয়ে বাসা ছেড়ে যান। এদিকে, ঘটনার পর থেকে নূর উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তে শরীরের দুই পাশের বগল থেকে কোমর পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই